প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৪:৫৪ PM

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। এরপর কয়েকটি ধাপে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকেই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। পরে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে এসব নির্বাচন সম্পন্ন করবে কমিশন।
নির্বাচনের আইনি কাঠামো প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করা হবে।
আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনো সংশোধন না এলে বর্তমান আইন অনুসরণ করেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে আইনি বা কার্যগত কোনো জটিলতা থাকবে না।
আবদুর রহমানেল মাছউদ জানান, পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ