প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম

নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সূচি অনুযায়ী নির্ধারিত কক্ষে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি আবেদনের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা কলেজের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনুসরণ করতে হবে।
নটর ডেম কলেজ জানিয়েছে, শুধু লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে চূড়ান্ত ভর্তি নিশ্চিত হবে না। এসএসসি পরীক্ষায় পাওয়া জিপিএ, ভর্তি পরীক্ষার লিখিত ফল এবং মৌখিক পরীক্ষার ফল—এই তিনটি বিবেচনা করে মেধাক্রম তৈরি করা হবে। এরপর মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।
চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের তাই নির্ধারিত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার পাশাপাশি কলেজের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা ও সময়সূচি ভালোভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি