প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম

চেক বাউন্স-সংক্রান্ত সাত মামলায় আপাতত কারাগারে যাওয়া থেকে স্বস্তি পেয়েছেন বলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী রাজপাল যাদব। দিল্লি হাইকোর্টের বহাল রাখা তিন মাসের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করার পর তাকে অবিলম্বে আত্মসমর্পণ না করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুবিধা পেতে বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে জরুরি ভিত্তিতে আবেদনগুলোর শুনানি হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাগুলো তালিকাভুক্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।
আদালতের আদেশে বলা হয়েছে, নির্ধারিত ৫ কোটি রুপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে জমা দেওয়া সাপেক্ষে আবেদনকারীদের কারাগারে আত্মসমর্পণ থেকে অব্যাহতি দেওয়া হবে।
রাজপাল যাদব ও তার স্ত্রী যৌথভাবে দিল্লি হাইকোর্টের ১০ জুলাইয়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই রায়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় তাদের দোষী সাব্যস্ত করা এবং তিন মাসের সশ্রম কারাদণ্ডের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল।
এই আইনি জটিলতার সূত্রপাত ২০১০ সালে। রাজপাল যাদব তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক অর্থলগ্নি প্রতিষ্ঠান ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় সেই ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ঋণ পরিশোধের জন্য দেওয়া একাধিক চেক ব্যাংকে বাউন্স হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ১০ জুলাই দিল্লি হাইকোর্ট রাজপালের আগের ছয় মাসের কারাদণ্ড কমিয়ে সাতটি মামলার প্রতিটিতে তিন মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রতিটি মামলায় ১ কোটি ৬০ লাখ রুপি জরিমানার অঙ্ক কমিয়ে ১ কোটি ৫ লাখ রুপি নির্ধারণ করা হয়।
এর আগে এই মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন রাজপাল যাদব। তবে তার আইনজীবী জানিয়েছেন, ২০১২ সালের এই চেক বাউন্স মামলায় তারা কোনো সমঝোতায় যাবেন না এবং আদালতেই আইনি লড়াই চালিয়ে যাবেন।
এদিকে আইনি জটিলতার পাশাপাশি আর্থিক সংকটও রয়েছে এই অভিনেতার। উত্তরপ্রদেশে তার পৈতৃক সম্পত্তি নিলামের ঝুঁকিতে পড়েছে। ১৬ কোটি ৬১ লাখ রুপি অপরিশোধিত ঋণের দায়ে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া তার পৈতৃক সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে। বকেয়া পরিশোধ না হলে ৯ সেপ্টেম্বর বন্ধকি সম্পত্তিগুলো নিলামে তোলার কথা রয়েছে।
তবে একের পর এক আইনি ও আর্থিক জটিলতার মধ্যেও অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজপাল যাদব। সম্প্রতি তাকে ‘ভূত বাংলা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হাইওয়ান’ সিনেমা এবং দুটি নতুন ওয়েব সিরিজ। এসব প্রকল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ