প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:২৮ AM

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান টানতে ওয়াশিংটন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আগামী ২৭ নভেম্বরের মধ্যেই গ্রহণ করতে হবে।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শীতের আগে কূটনৈতিক সমাধান চূড়ান্ত করার লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন কোনো যুদ্ধ শুরু করতে চান না। পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, যা মস্কোর জন্য বিশ্ববাজারে তেল বিক্রি আরও কঠিন করে তুলবে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মার্কিন শান্তি পরিকল্পনায় মোট ২৮টি শর্ত রয়েছে। এর মধ্যে ইউক্রেনকে ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করা, সেনাবাহিনীকে সর্বোচ্চ ছয় লাখ সদস্যে সীমিত রাখা এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার অন্যতম। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তা, পুনর্গঠন সহায়তা ও অর্থনৈতিক ইন্টেগ্রেশনের প্রতিশ্রুতি দেবে।
পরিস্থিতিকে দেশের ইতিহাসের “সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি” হিসেবে বর্ণনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশকে কঠোর শর্ত মেনে নেওয়া অথবা কঠিন শীতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ সহযোগীর সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে ফেলার মধ্যে একটি বেছে নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেন সার্বভৌমত্ব রক্ষার শপথে অটল আছে। একই সঙ্গে নিজেদের পক্ষ থেকে বিকল্প প্রস্তাবও দেওয়া হবে, যাতে রাশিয়া ইউক্রেনকে শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী হিসেবে উপস্থাপন করতে না পারে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনা সম্পর্কে রাশিয়া এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তাঁর দাবি, ইউক্রেনকে আলোচনায় আনতেই রাশিয়া সামরিক চাপ প্রয়োগ করছে। কিয়েভকে যত দ্রুত সম্ভব আলোচনায় বসার আহ্বানও জানান তিনি।