প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ AM

সংগৃহীত ছবি
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, রাজধানীতে অবস্থানরত অবস্থায় ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহতদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী সহায়তা প্রদান করা হবে। সহায়তা পেতে আহত ব্যক্তি নিজে, তাঁর পরিচর্যাকারী বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
সহায়তা সংক্রান্ত যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে চার শতাধিক মানুষ।