প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ AM আপডেট: ২২.১১.২০২৫ ৯:৪০ এএম

সংগৃহীত ছবি
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দু’জনের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংক্ষিপ্ত সাক্ষাতের পর তাকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ তোপধ্বনির সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থীদের খাতায় স্বাক্ষর করেন।
এদিন বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী টোবগে।
সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও তিনি উপস্থিত থাকবেন।