প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:০২ AM

প্রতীকী ছবি
দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম সমন্বয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ১৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে, আর রৌপ্য মুদ্রার দাম বেড়েছে ৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেদিন থেকেই নতুন মূল্যহার কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রায় (বাক্সসহ) ১৫ হাজার টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৮৫ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ১ লাখ ৭০ হাজার টাকায়।
এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভার স্মারক মুদ্রার মূল্যও বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রৌপ্যমুদ্রার (বাক্সসহ) দাম ৫ হাজার ৫০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা। এর আগে এই মুদ্রাগুলোর বিক্রিমূল্য ছিল ৮ হাজার ৫০০ টাকা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ