প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:২১ AM

ফাইল ছবি
বিশ্বের নানা শহরে বিভিন্ন কারণে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকার শীর্ষে থাকা মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরেই দূষিত বায়ুর চাপে জর্জরিত। কিছুদিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও সম্প্রতি আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১০১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এদিকে, একই সময়ে ৩২৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২০০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা কলকাতা শহর এবং চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১১৩।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
একিউআই সূচক ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যেতে এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, একিউআই ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ