প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ১১:০৮ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় আজ সোমবার সকাল ১১টায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হবে।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। গত বছরের ২৪ জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলা গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলাগুলো করা হয়।
মামলার অন্য দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন।
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে তাদের খালাস চেয়েছেন। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষ থেকেও খালাসের আবেদন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে