| শিরোনাম: |

নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বাংলাদেশের নির্বাচনে ভারত নানা সময় প্রভাব বিস্তার করেছে। তিনি বলেন, ‘আমি ভারতকে বলতে চাই—শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আপনাদের এখানে হস্তক্ষেপের ইতিহাস আছে।’
এ সময় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তার বক্তব্য, ‘খলিলুর রহমান বর্তমানে ভারতে আছেন। ঠিক কী কারণে তিনি সেখানে গেছেন, তা দেশের মানুষ জানতে চায়।’
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান নাসীরুদ্দীন। তার ভাষায়, ‘যদি এখনই নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে নির্বাচনের সময় তা নিশ্চিত করা আরও কঠিন হবে।’
দলীয় প্রস্তুতি বিষয়ে তিনি জানান, এনসিপি ইতোমধ্যে ১ হাজার ১০০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। আগামী ২১ ও ২২ নভেম্বর ফরম সংগ্রহকারীদের ভাইবা নেওয়া হবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে সার্জিসের পঞ্চগড়-১ আসনটি তাদের জন্য নিশ্চিত হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ