| শিরোনাম: |

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন না, ফলে আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির কর্মকর্তারা গ্রাহকদের আকৃষ্ট করতে চমকপ্রদ বিজ্ঞাপন ও অফার প্রচার করতেন। সেই বিজ্ঞাপন দেখে ভুক্তভোগী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হয়নি।
পরবর্তীতে বাদীকে সিটি ব্যাংকের দুটি চেক প্রদান করা হয়, কিন্তু ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুটি ব্যাংকে জমা দিলে তা ফেরত আসে। এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর সাদিকুর রায়হান বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ