প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১৪ AM

জামালপুরের মেলান্দহে যুবদল কর্মী সম্রাটকে (৩৫) মারধরের অভিযোগে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একটি পক্ষ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামের সম্রাটের বাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
ছবিলাপুর থেকে বেলতৈল বাজার হয়ে হাজরাবাড়ি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাজরাবাড়ি চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
বক্তব্যে শুভ বলেন, “আমার কর্মী ও সমর্থকের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এই হামলার তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার চাই। এর ব্যতিক্রম ঘটলে আমরা সাধারণ মানুষকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।”
উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে হাজরাবাড়ি বাজারে কাঠ ব্যবসায়ী ও যুবদল কর্মী সম্রাটকে বাজার থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। মমিন, বাবুল ও বিপ্লবসহ কয়েকজন দুষ্কৃতকারী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত সম্রাটকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস