প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ২২ জন অতিরিক্ত বিচারককে একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে এবার নিয়োগের তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই ২২ জনকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগ পাওয়া বিচারকরা হলেন: মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগ বিচারকদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের সচিব।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তাঁদের মধ্যেই ছিলেন দেবাশীষ রায় চৌধুরী, যিনি এবার স্থায়ী নিয়োগের তালিকা থেকে বাদ পড়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ