প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম

বগুড়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক, মনিরুজ্জামান ওরফে মিশু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, পিন্টু ওরফে মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন, আশিক।
রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
তিনি আরো জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর তোজাম্মেল হক তার চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াতে যোগ দিতে বৈঠাভাঙা গ্রামে যান। পরে রাতে মোটরসাইকেলে করে চাচাতো ভাই নয়ন ও আসাদকে নিয়ে ফেরার পথে দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এরপর তোজাম্মেল ও নয়নকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তোজাম্মেল মারা যান।
রাষ্ট্রপক্ষ জানায়, চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় কেবল আসামি পিন্টু আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।
স্বদেশ প্রতিদিন/কেআইকে