প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগের দিন সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে যায়।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীতে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। তবে জনমনে আতঙ্কের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ১৪টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি, যাদের অধিকাংশ রাজধানীর বাইরের বাসিন্দা।