প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৮:১৭ PM

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দেওয়া অরাজনৈতিক বক্তব্যের অংশটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে ফখরুল ইসলাম লেখেন, “সংবাদ সম্মেলনে দেওয়া আমার অরাজনৈতিক বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করে নিলাম। আমার কথায় কেউ মনোকষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
বিষয়টি নিয়ে স্বদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি আমার দলের নেতাদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি কিছু মনোনয়ন বঞ্চিত ব্যক্তি আমার বিরুদ্ধে কিছু মানুষকে উসকানি দিয়ে আন্দোলন করাচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই।”
এর আগে, গত ৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাতে গিয়ে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে মন্তব্য করেছিলেন।
পরে সেই বক্তব্যের জন্য অনুতপ্ত হয়ে তিনি তা প্রত্যাহার করেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিএনপি সমর্থকরা ফখরুল ইসলামের এই অবস্থানকে “দায়িত্বশীল ও পরিণত সিদ্ধান্ত” হিসেবে দেখছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে