| শিরোনাম: |

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলাকলি’ প্রতীকে প্রার্থিতা চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।
এনসিপির মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী আলাদা আলাদা প্যানেলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আজ ও আগামীকাল দুই দিনব্যাপী এ প্রক্রিয়া চলবে।
তিনি বলেন, সারা দেশ থেকে প্রায় ১,৫০০ জন মনোনয়নপ্রত্যাশীকে মতবিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের যোগ্যতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততার ওপর ভিত্তি করেই মূল্যায়ন করা হবে।
এনসিপি নেতার মতে, এ সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে দল চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে। তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ