আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, ১০টি বিভাগ ভিত্তিকভাবে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় চলছে। সবাইকে পর্যায়ক্রমে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। “দেশ বদলাবে নতুন নেতৃত্বে”—এই স্লোগান সামনে রেখে সকাল ৯টা থেকে মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে, যা রাত ৯টা পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ২৪ নভেম্বর। অনুষ্ঠানটি শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের যোগাযোগ—এসব বিবেচনায় মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়াই এনসিপির চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন বিভাগের সাংগঠনিক নেতারা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ