| শিরোনাম: |

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের সাম্প্রতিক বিস্ফোরক অভিযোগগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। এরপর নতুন করে আরও কয়েকজন কর্মকর্তা ও ক্রিকেটারের নাম উল্লেখ করে জাহানারা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন।
অভিযোগে তিনি সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কোচ ইমন, এবং ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, পিংকি, নাহিদা ও রিতুমনির নাম উল্লেখ করেন। মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে তিনি শারীরিক হয়রানির অভিযোগও করেন।
জাহানারা বলেন, বিসিবিতে একাধিকবার অভিযোগ জানালেও তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি, কিন্তু এক-দুই দিন ঠিক থাকলেও পরে আগের মতোই হয়ে যেত,” বলেন তিনি।
বিসিবির এক শীর্ষ পরিচালক ঢাকা পোস্টকে জানান, “অভিযোগগুলো যেভাবে আসছে, সেগুলো অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিষয়টি এখন বড় পরিসরে গেছে, আমরা এটি বোর্ডে উত্থাপন করব এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।”
এর আগে, বিসিবি এক বিবৃতিতে জাহানারার অভিযোগগুলোকে “ভিত্তিহীন, মনগড়া ও অসত্য” বলে প্রত্যাখ্যান করে জানিয়েছিল, “এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন নারী দল আন্তর্জাতিক মঞ্চে অগ্রগতি ও ঐক্য প্রদর্শন করছে।”
এদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও অভিযোগগুলো অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ৭ ম্যাচে ১টি জয় পেয়ে ৮ দলের মধ্যে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ