প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:০০ পিএম

আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় প্রকাশ করা হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ (খাতা চ্যালেঞ্জ) ফল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
অধ্যাপক হায়দার জানান, শিক্ষার্থীরা যাতে দ্রুত ফল জানতে পারে, সে জন্য পুনঃনিরীক্ষণের যাবতীয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। শিক্ষার্থীদের আবেদনের গুরুত্ব বিবেচনা করে প্রতিটি খাতা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে তা জানতে পারবেন।
উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর শুধুমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে, যা শেষ হয় ২৩ অক্টোবর।
গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
গতবারের (৭৭ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় এবার পাসের হার ১৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে, পাশাপাশি জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি। ফল বিপর্যয়ের কারণে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১১ লাখ আসন ফাঁকা থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএস