জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম। যেখানে তার মন্তব্যে উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই অভিনেত্রী বেশ সরব। তিনি বলেন, “প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।”
কুসুম শিকদার বলেন, “কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমার এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না।”
নিজের এই সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করবো।”
অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন।
এদিকে নিজেদের প্রিয় অভিনেত্রীর এমন মন্তব্যে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা এই অভিনেত্রীর পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট ও মন্তব্য করে যাচ্ছেন।