কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার এবং নয় শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে জানা যায়, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য কর্তৃক গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার সিদ্ধান্ত অনুযায়ী, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান (রোল ৭০৭৮) সাংবাদিককে তলপেটে লাথি মারেন এবং সাংবাদিকের মোবাইল রিসেট অবস্থায় মেডিকেল সেন্টারে ফেলে রাখেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বরাতে প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ দেওয়ার দায়েও তাকে দুই সেমিস্টারের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
একই বর্ষের শিক্ষার্থী রিয়াজ মোর্শেদ (রোল ৭০২০) ঘটনাটিতে প্রত্যক্ষ সহযোগী হিসেবে এবং আফসানা পারভীন তিনা (রোল ৭০৫১) সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে উস্কানিতে জড়িত থাকার অভিযোগে একই মেয়াদের শাস্তি পেয়েছেন।
এছাড়া, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম (রোল ৭০০৪), মিল্টন মিয়া (৭০২৫), মশিউর রহমান (৭০১৩), রাকিব হোসেন (৭০১৬) এবং ২০২০-২১ বর্ষের সৌরভ দত্ত (৭০১৪), মিনহাজুল আবেদীন (৭০০৮), সাব্বির হোসেন (৭০০২), সৌরভ হোসেন সজীব (৭০১৩) ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্নাকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।