প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিজ্ঞ রাজনীতিক সরওয়ার জামাল নিজামকেই আবারও দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও যুবদল সভাপতি মো. শাহজাহানকে পেছনে ফেলে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে ধানের শীষের প্রতীকে লড়ার সুযোগ দিয়েছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
সরওয়ার জামাল নিজাম এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারকে এবং ২০০১ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুকে পরাজিত করে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে তিনি পুনরায় বিএনপির মনোনয়ন পান।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সরওয়ার জামাল নিজাম বলেন, “দল আমার প্রতি আস্থা রেখেছে। ইনশাআল্লাহ, বিপুল ভোটে জয়ী হয়ে এই আসনটি দলকে উপহার দেব। আমি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা উসকানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ঘোষণার পর থেকে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা–কর্ণফুলী অঞ্চলে সরওয়ার জামাল নিজামের প্রভাব ও তৃণমূলসংগঠনের শক্ত উপস্থিতিই তাকে আবারও প্রার্থী হিসেবে মনোনয়নের পেছনে মূল কারণ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে