
সংগৃহীত ছবি
দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে নেটওয়ার্কে আর যুক্ত হতে পারবে না অবৈধ বা ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন। এ জন্য সরকার চালু করতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এনইআইআর চালুর মাধ্যমে দেশের অবৈধ ডিভাইস ও সিম ব্যবহারজনিত ডিজিটাল জালিয়াতি অনেকাংশে কমে আসবে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে, যা বন্ধে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
বিটিআরসি জানায়, নতুন ব্যবস্থায় শুধুমাত্র বৈধভাবে আমদানি করা ও অনুমোদিত মোবাইল ফোনই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।
নতুন ফোন কেনার আগে করণীয়
১৬ ডিসেম্বর থেকে যেকোনো বিক্রয়কেন্দ্র বা অনলাইন মার্কেট থেকে মোবাইল ফোন কেনার আগে তার আইএমইআই নম্বর যাচাই করতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। বৈধ মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।
মোবাইল ফোন বৈধ কিনা যাচাইয়ের উপায়
১. মেসেজ অপশনে গিয়ে লিখুন KYD<space>১৫ ডিজিটের আইএমইআই নম্বর
২. পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে
৩. ফিরতি এসএমএসে ফোনটির বৈধতা জানানো হবে
বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধন
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন ৩০ দিনের জন্য প্রাথমিকভাবে সচল থাকবে। এরপর এসএমএসের মাধ্যমে অনলাইনে নিবন্ধনের নির্দেশনা দেওয়া হবে।
নিবন্ধনের ধাপ:
ভিজিট করুন neir.btrc.gov.bd
“Special Registration” সেকশনে গিয়ে ফোনের আইএমইআই নম্বর দিন
পাসপোর্ট, ভিসা বা ক্রয় রশিদের স্ক্যান কপি আপলোড করুন
বৈধতা যাচাইয়ের পর ফোনটি নিবন্ধিত হবে; অবৈধ হলে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে
হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তরের নিয়ম
গ্রাহক চাইলে ‘ডি-রেজিস্ট্রেশন’ করে হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর করতে পারবেন। এজন্য জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা দিতে হবে। ডি-রেজিস্ট্রেশন করা যাবে
neir.btrc.gov.bd পোর্টালে
*১৬১৬১# ইউএসএসডি কোডে
মোবাইল অ্যাপ বা অপারেটরের কাস্টমার কেয়ারে
ফোন চুরি বা হারালে করণীয়
ফোন হারালে বা চুরি হলে গ্রাহক সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপ বা অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে যেকোনো সময়ে হ্যান্ডসেট লক বা আনলক করতে পারবেন।
ইন্টারনেটবিহীন গ্রাহকদের জন্য সেবা
যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা ইউএসএসডি চ্যানেল বা ১২১ নম্বরে কল করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।
এই ব্যবস্থার মাধ্যমে সরকার আশা করছে, অবৈধ ফোন বাণিজ্য বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা জোরদার ও রাজস্ব বৃদ্ধি সম্ভব হবে।