প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:১০ AM

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইউরোপের তিন জায়ান্ট—চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখ।
বুধবার (২২ অক্টোবর) রাতে নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জয়ের উৎসব করে দলগুলো।
টানা চার ম্যাচে জয়হীন থাকার পর লিভারপুল আজ জয়ের দেখা পায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৫-১ গোলের দাপুটে জয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ম্যাচের শুরুতে স্বাগতিক ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন রাসমুস ক্রিস্টেনসেন। তবে এর পর থেকেই লিভারপুলের আক্রমণাত্মক ফুটবলের সামনে ভেঙে পড়ে জার্মান ক্লাবটি। হুগো একিতিকের গোলে সমতায় ফেরে অতিথিরা। এরপর ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিমা কোনাতের গোল এনে দেন ৩-১ লিড। দ্বিতীয়ার্ধে কোডি গ্যাকপো ও ডমিনিক সবসলাইয়ের গোল লিভারপুলের বড় জয় নিশ্চিত করে।
স্টামফোর্ড ব্রিজে চেলসিও দেখিয়েছে নিজেদের আধিপত্য। আয়াক্সের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে জেতে ইংলিশ জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলে মার্ক গুই ও মইজেস কাইসেডোর গোলে এগিয়ে যায় চেলসি। যদিও আয়াক্সের উইগর্স্ট পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন, তবে পরের গোলগুলোয় ব্যবধান আরও বাড়ায় ক্লাব বিশ্বকাপজয়ীরা।
অন্যদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় নিজেদের মাঠে চমক দেখায় বায়ার্ন মিউনিখ। ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় জার্মান রেকর্ডচ্যাম্পিয়নরা। গোলগুলো করেন লেনার্ত কার্ল, হ্যারি কেন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।
এদিন আরও দুটি ম্যাচে স্পোর্টিং সিপি ২-১ গোলে হারায় মার্শেইকে, আর মোনাকো-টটেনহ্যাম ও আটালান্টা-স্লাভিয়া প্রাগ ম্যাচ দুটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
স্বদেশ প্রতিদিন / কেআইকে