প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৪২ AM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ, যার ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুহিলপুর ইউনিয়নের উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া তিন দিন আগে আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে চড় মারেন—এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিরোধ মীমাংসার জন্য বুধবার রাতে নন্দনপুর বাজারে গ্রাম্য সালিশ বসে।
তবে সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন বাজারের দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষ চলাকালীন তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকলে পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সদর থানার পুলিশ সদস্য জিয়াউর রহমানসহ অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
স্বদেশ প্রতিদিন / কেআইকে