প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ AM

প্রতীকী ছবি
স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সর্বাধিক রয়েছেন চর্ম ও যৌন রোগ বিভাগের ২৭ জন চিকিৎসক। এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগে ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজিতে ১১ জন, এন্ডোক্রাইনোলজিতে ৯ জন, রেডিওথেরাপিতে ৮ জন এবং হেমাটোলজিতে আরও ৮ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।
এ ছাড়া কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকসে ৭ জন, কার্ডিয়াক সার্জারিতে ৭ জন, ভাইরোলজিতে ৩ জন এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারিতে একজন করে চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, সুপারনিউমারারি পদোন্নতি হলো বিদ্যমান পদসংখ্যার বাইরে বিশেষ বিবেচনায় দেওয়া পদোন্নতি, যা অভিজ্ঞ চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও একাডেমিক নেতৃত্ব বৃদ্ধিে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বদেশ প্রতিদিন/শাহো