প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম আপডেট: ২০.১০.২০২৫ ৬:৫৪ PM

সংগৃহীত ছবি
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও এনসিপি নেতারা জানান, সারজিস আলমের উপস্থিতিতে সভা চলাকালীন হঠাৎ মিলনায়তনের বাইরে দুজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
বিস্ফোরণের পর সভায় উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সারজিস আলম ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনের ভেতরে নিরাপত্তার চৌহদ্দিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর