প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম

কম্পিউটার ব্যবহারে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যেখানে শুধু মুখের কথায় (ভয়েস কমান্ডে) কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করা সম্ভব হবে। এই লক্ষ্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি ডিভাইসকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পিসিতে রূপান্তর করতে চায় তারা।
এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ‘কোপাইলট’ নামের একটি এআই চ্যাটবটের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবেন। টাইপ করার বদলে শুধু মুখে বলেই ফাইল খোলা, তথ্য অনুসন্ধান বা অন্য যেকোনো কাজ করা যাবে সহজে।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, “আমরা এমন এক পরিবর্তনের পথে আছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট নয়, মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।” তার ভাষায়, লক্ষ্য হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে এমনভাবে গড়ে তোলা যাতে এটি একটি পূর্ণাঙ্গ এআই পিসি হিসেবে কাজ করে।
ইতিমধ্যে উইন্ডোজ ১১-এ বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের এআই সুবিধা দিতে সক্ষম। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কিনতে না হলেও ধীরে ধীরে ভয়েস কমান্ড সুবিধা সব কম্পিউটারে চালু হবে। তবে সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল ব্যবস্থার জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউসুফ মেহদি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা যেন কম্পিউটারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। ভয়েস হবে কিবোর্ড ও মাউসের পর কম্পিউটার ব্যবহারের তৃতীয় মাধ্যম।” তার মতে, এই প্রযুক্তি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও উপভোগ্য করে তুলবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে