প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:৫১ পিএম

সংগৃহীত ছবি
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
মঞ্চে রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো