প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:৩৯ পিএম

সংগৃহীত ছবি
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র গণসংযোগে প্রতিপক্ষের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহ উপজেলার চরপলিশা ইউনিয়নের তালতলা মোড়ে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, সবুজ আকন্দ (৪০), সাগর মিয়া (২২), নুরুল হক (৪৫)। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, লাভলু মিয়া (৪৬), বাচ্চু মিয়া (৩২), ফরিদ (৩৫) ও সোহেল মিয়াসহ (৩৫) আরও কয়েকজন।
মনোনয়নপ্রত্যাশী শুভ সিদ্দিকী অভিযোগ করে বলেন, শিহাটা এলাকায় গণসংযোগ শেষ করে রাত ৮টার দিকে চরপলিশা শিশুপাড়ায় ছাত্রদল নেতা শুভ রহমানের বাড়িতে উঠান বৈঠক চলাকালে প্রথম দফা হামলার মুখে পড়ি। এরপর রাত সাড়ে ৯টার দিকে তালতলা মোড়ে পৌঁছালে আবারও আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলপন্থী রঞ্জু, যুবরাজ, হাসান ও হুমায়ুনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। শুভ আরও জানান, ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ক্যাম্প এবং মেলান্দহ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। এর আগে বাবুলপন্থী কর্মী সোহাগের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডিও করা হয়েছিল বলে জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির বলেন, ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত জানি না। শুনেছি, গণসংযোগে আওয়ামী লীগের কিছু সমর্থক উপস্থিত থাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়।
মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুভ সিদ্দিকীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/শাহো