প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৫২ AM আপডেট: ১৭.১০.২০২৫ ১১:৫৯ এএম

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ২৩টি পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে। এটি ইতিহাসে এক অনন্য ভূমিধ্বস জয় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে তারা সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে হেরেছেন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সালাহউদ্দিন আম্মার। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত নার্গিস খাতুন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।
ভিপি পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত জোটের মোস্তাকুর রহমান জাহিদ। সহকারী সাধারণ সম্পাদক পদে জাহিন বিশ্বাস এষা জয়ী হয়েছেন, পরাজিত হয়েছেন শিবির সমর্থিত সালমান সাব্বির।
অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এবং সহকারী হিসেবে মুজাহিদুল ইসলাম সায়েম।
বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে জয়ী হয়েছেন ইমরান লস্কর এবং সহকারী পদে নয়ন মুরসালিন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পদে মাসুমা ইসলাম মোমো। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।