প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ AM

সংগৃহীত ছবি
২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে প্রথম ধাপে ১ মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফিফা এ তথ্য নিশ্চিত করেছে। ২১২টি দেশ ও অঞ্চল থেকে মানুষ টিকিট কিনেছে।
এ বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। স্বাগতিক তিন দেশসহ বাছাইপর্বে ২৮টি দল ইতিমধ্যেই খেলার যোগ্যতা অর্জন করেছে। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া প্রাথমিক আবেদনপর্বে ২৪ ঘণ্টার মধ্যে ১.৫ মিলিয়ন আবেদন জমা পড়ে।
ফিফার তথ্যমতে, প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট ক্রয় করা দেশের মধ্যে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। খেলা আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “উত্তর আমেরিকার এই ঐতিহাসিক আসর দেখার জন্য বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের আগ্রহ আমাকে অত্যন্ত রোমাঞ্চিত করেছে। এটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সমর্থকদের উন্মুক্ত আগ্রহের প্রতিফলন।”
ফিফা এখন পর্যন্ত টিকিটের বিস্তারিত সংখ্যা বা মূল্য তালিকা প্রকাশ করেনি। তবে নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালসহ টিকিট ক্রয়ের সুযোগ পুনরায় চালু হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ৯৫৩৮ ডলার এবং সর্বোচ্চ ৫৭ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে সাড়ে ১১ লাখ থেকে প্রায় ৭০ লাখ টাকা।
দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ অক্টোবর থেকে। তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে ৫ ডিসেম্বর, দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর। এবার প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থাও চালু করা হয়েছে।