প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চাকসু পরিচালনা করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাকসু সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ভিপি ও জিএসসহ ২৪টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
ইব্রাহিম বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে আমাদের প্রতি যে আস্থা শিক্ষার্থীরা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। শিক্ষার্থীদের দেওয়া এই দায়িত্ব আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আমানত। আমরা সেই আমানত সঠিকভাবে রক্ষা করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচনী ইশতেহারে আমরা ১২ মাসে ৩৩টি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। আজ থেকে আমার দায়িত্ব হলো সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করা। বিশেষভাবে আমরা আবাসন, খাবারের মান এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নে মনোযোগ দিতে চাই।”
এ সময় নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, “আমাদের প্রথম কাজ হবে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করা। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও প্রাণবন্ত ক্যাম্পাস উপহার দিতে চাই।”