প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:২৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন নিয়ে গতকাল (১৪ অক্টোবর) একটি সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, নির্বাচন শেষে ভোট গণনা দুটি স্তরে (লেয়ার) হবে।
তিনি বলেন, “চাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বসহকারে এবং স্বচ্ছতার সাথে আয়োজন করা হচ্ছে। আমাদের ব্যালট পেপার ও ভোটগ্রহণের অন্যান্য বিষয় এখনো গোপন, তবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।”
ফলাফল ঘোষণা করা হবে ভোটগ্রহণের দিনই, অর্থাৎ ১৫ অক্টোবর সন্ধ্যায়।
তিনি আরও বলেন, “ভোট গণনার সময় প্রত্যেক প্রার্থীর প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং পরিদর্শক ও গণমাধ্যমকর্মীরা অবাধভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে পারবেন। ডাকসু ও রাকসু নির্বাচনের অভিজ্ঞতা আমাদের সামনে রয়েছে, সেগুলো থেকে আমরা শিখেছি এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া সেগুলোর চেয়ে আরও উন্নত হবে।”
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। ভোটাররা নির্বাচন করবেন কেন্দ্রীয় সংসদে ২৬টি পদসহ ১৫টি হল ও হোস্টেল সংসদের ১৪টি পদে। প্রার্থী রয়েছেন ৯০৮ জন, যাদের মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ৪১৫ জন। নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্রের ৬০টি কক্ষে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে