
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা এবং তরুণদের সম্পৃক্ততায় অবদানের স্বীকৃতি হিসেবে মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিইউবিটি।
গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনের এই মেলায় দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং ২০০টির বেশি উদ্ভাবক অংশ নেন।
মেলায় গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকেরাও অংশ নেন। গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং বাস্তবভিত্তিক সমাধান প্রদর্শনের জন্য আয়োজনটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।
প্রদর্শিত হয়েছে বিইউবিটির উদ্ভাবনী পণ্য
ইনোভেশন ফেয়ারে ‘বিইউবিটি ইনোভেশন হাব’-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, প্রকৌশলী ও গবেষকদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হয়।
বিইউবিটি জানিয়েছে, গত দেড় বছরে ইনোভেশন হাব ২০টির বেশি পণ্য তৈরি করেছে। কৃষি, চিকিৎসা প্রযুক্তি, করপোরেট যোগাযোগ, নিরাপত্তা, এডটেক ও এসটিইএম শিক্ষাসহ বিভিন্ন খাতের বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যেই এসব পণ্য তৈরি করা হয়েছে।
পণ্যগুলোতে শিক্ষার্থী ও প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের সক্ষমতার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিল্পপ্রতিষ্ঠান ও দর্শনার্থীদের আগ্রহ
মেলায় প্রদর্শিত বিইউবিটির পণ্যগুলো শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, গবেষক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পণ্যগুলোর নকশা, ফিনিশিং, কার্যকারিতা এবং বাস্তবভিত্তিক উদ্ভাবনী সমাধানের প্রশংসা করেন অনেকে।
কয়েকজন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গবেষক পণ্যগুলোর সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতিবাচক মতামত দেন। কেউ কেউ এসব পণ্য কেনা এবং ভবিষ্যতে বিইউবিটির সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করেন।
নেতৃত্বে উপাচার্য, কাজ করছে কোর টিম
এই কার্যক্রমে নেতৃত্ব দেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বিইউবিটি ইনোভেশন হাবের টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
হাবের কোর টিমের সদস্যরা হলেন রাকিব হাসান, সাহাদাত সানি, মাহবুবুল ইসলাম, ইব্রাহিম শিকদার মাহিন, আবদুল্লাহ আল সাদনুন এবং সাইমুন আহমেদ লিমন।
টিম তরী ও ইনোভেশন ফেয়ারে ইনোভেশন হাবের সঙ্গে তাদের প্রকল্প প্রদর্শন করে। সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধারণাকে বাস্তবভিত্তিক পণ্যে রূপ দেওয়ার কাজ এগিয়ে চলছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিকে বিইউবিটির গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিইউবিটি ট্রাস্টের সহযোগিতার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার পরিবেশ গড়ে উঠছে বলে জানিয়েছে বিইউবিটি।
স্বদেশ প্রতিদিন/এস পি