প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-১, অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ২৫০ গ্রামের একটি কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
গত সোমবার (১৩ অক্টোবর) পরিচালিত এই অভিযানে মূর্তি সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার ইউনুস আলীর নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামের তছির উদ্দিন ছেলে আব্দুল মাজেদ (৫০) এবং বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শেখ বরকত আলী ছেলে আলী আজম (৬৫) দু’জনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়ার আব্দুল মাজেদ এর রান্নাঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির দৈর্ঘ্য ২০.৪ ইঞ্চি, প্রস্থ ৯.২ ইঞ্চি। এটি কালো পাথরের তৈরি। মূর্তির পাদদেশে চারটি ছোট মূর্তি, পাশে ভক্ত সদৃশ দুটি মূর্তি এবং উপরে খোদাই করা নকশা রয়েছে। কিছু অংশ ভাঙা ও ঘষামাজা অবস্থায় পাওয়া গেছে। আটকরা দীর্ঘদিন ধরে একটি পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং এই মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল।
র্যাব-১৩ সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূর্তিটি পরে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যাচাইয়ের পর সরকারি হেফাজতে রাখা হয়েছে।
এবিষয় খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘র্যাব দুইজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম