প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:০৭ AM

নারী ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। গোয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে কিউইরা ২২৮ রানের লক্ষ্য প্রদান করে। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করতে পারে, ফলে ১০১ রানের বড় ব্যবধানে হারে মাঠ ছাড়তে হয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের।
চলতি আসরে বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তানকে হারিয়ে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পরও লড়াকু মনোভাব দেখিয়েছিল টাইগ্রেসরা। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল।
টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ। শুরুতে ৩৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে অধিনায়ক সোফিন ডেভিন ব্রুকলি হ্যালিডের সঙ্গে জুটি বাঁধেন এবং ১৬৬ বলে ১১২ রান যোগ করেন। এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারলেও নিউজিল্যান্ডের ব্যাটাররা দলের সংগ্রাহকে ধরে রাখে। টাইগ্রেসদের হয়ে রাবেয়া খান সর্বোচ্চ তিন উইকেট নেন, ১০ ওভারে মাত্র ৩০ রান খরচ করে।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় শুরু হয় উইকেটের মিছিলে। দুই ওপেনার রুবাইয়া আক্তার (৪) ও শারমিন আক্তার (৩) মাত্র ১৩ রানে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ৪ রান করে আউট হন, আর ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করা সোবহানা মোস্তারি মাত্র ২ রানে ফেরেন। দলীয় ৩৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে টাইগ্রেসদের পরিস্থিতি আরও কঠিন হয়।
দলের জন্য ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি ৩৩ রানের জুটি গড়ে দলের লজ্জা কমানোর চেষ্টা করেন। শেষ দিকে ফাহিমা খাতুন ৮০ বলে ৩৪ রান করেন। তবুও মাত্র ৩৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ১০১ রানের হারে মাঠ ছাড়ে। নিউজিল্যান্ডের জেস কার ও লিয়া তাহুহু সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। অন্যদিকে, আসরের প্রথম জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড নারী দল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ