ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান শিক্ষক নিয়োগ বোর্ডে শুধুমাত্র মেধা ও যোগ্যতাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি এমন ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরীক্ষা, ভাইভা এবং একাডেমিক রেজাল্ট- এই তিনটির সমন্বয়ে সর্বোচ্চ মেধাবী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এখানে মেধা ও যোগ্যতাই হবে নিয়োগের মূল মাপকাঠি। অন্য কোনো ধরনের প্রভাব বা বিবেচনা এখানে স্থান পাবে না।”
তিনি আরও বলেন, “আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম নিয়োগ বোর্ড। এই নিয়োগের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়ার দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
ঊর্ধ্বতন পর্যায়ের রাজনৈতিক প্রভাব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আমাদের বোর্ড সম্পূর্ণভাবে প্রস্তুত। এখানে এক্সপার্ট, সিন্ডিকেট সদস্য এবং উপাচার্য রয়েছেন। তাই কেউ যে মানসিকতারই হোক না কেন, তা কোনোভাবেই ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। আমরা এ ব্যাপারে সর্বদা সজাগ থাকব।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ছয়টি পদে অর্থ ছাড়ের অনুমোদন পাওয়ার পর গত ৩ আগস্ট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপিত বিভাগগুলো হলো-ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।