প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:০০ পিএম

মানবদেহকে নিজের কোষ আক্রমণ থেকে রক্ষা করার রহস্য উদঘাটন করেছেন তিনজন বিজ্ঞানী। ২০২৫ সালের চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন জাপান ও যুক্তরাষ্ট্রের শিমোন সাকাগুচি, মেরি ই. ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল।
তারা আবিষ্কার করেছেন একটি বিশেষ ধরনের ‘নিরাপত্তা রক্ষী’ বা রেগুলেটরি টি সেল (T-regs), যা রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং অটোইমিউন রোগের সম্ভাবনা কমায়। এই কোষগুলো ক্ষতিকারক টি কোষগুলিকে নিষ্ক্রিয় করে এবং শরীরের নিজস্ব টিস্যুকে আক্রমণ থেকে রক্ষা করে।
১৯৮০-৯০-এর দশকে শিমোন সাকাগুচি প্রথমবারের মতো এই কোষের অস্তিত্ব শনাক্ত করেন। পরবর্তী গবেষকরা এর কার্যপ্রণালী আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তারা দেখান, রেগুলেটরি টি কোষগুলি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি সংকেত বা নির্দিষ্ট প্রোটিন নিঃসরণের মাধ্যমে ইমিউন সেলগুলোর আক্রমণ থামায়। ফক্সএক্সপি৩ নামক প্রোটিন ব্যবহার করে এই কোষগুলো চিহ্নিত করা যায়।
এই আবিষ্কার রোগ-প্রতিরোধ ক্ষমতার নিয়ন্ত্রিত প্রক্রিয়া বোঝায় এবং অটোইমিউন রোগ, সংক্রমণ, অ্যালার্জি, অঙ্গ প্রতিস্থাপন প্রতিরোধ, ক্যান্সার চিকিৎসা ও ভ্যাকসিন উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ