
সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে। এসময় তিনি দেশের শিক্ষক সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের এক সমাবেশে তিনি বলেন, আপনাদের জানাতে চাই, আসন্ন নির্বাচনে আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ইতোমধ্যেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালনা করা হয়। কেউ যেন তা করতে না পারে, সেই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমাদের পথ একটাই, এবং সেটি হচ্ছে বাংলাদেশ।
উল্লেখ্য, আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বিভিন্ন দাবি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করে। তাদের দাবির মধ্যে রয়েছে, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ।
শিক্ষকদের দাবিগুলো বিএনপির ৩১ দফার কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটি প্রত্যাশা আছে। আপনারা যেন ছাত্র-ছাত্রী ও আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলেন, যাতে তারা আদর্শ নাগরিক হতে পারে এবং নৈতিকতায় প্রতিষ্ঠিত থাকে। আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিজউদ্দিন চৌধুরী।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতা এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।