প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ AM

বিশ্বকাপ বাছাইয়ে নিয়ম ভঙ্গ করায় বড় শাস্তির মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল দল। নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক খেলোয়াড়কে মাঠে নামানোর কারণে তাদের পয়েন্ট কেটে নিয়েছে ফিফা, সঙ্গে দিয়েছে জরিমানা। এতে করে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত মার্চে লেসোথোর বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই ম্যাচে তেবেহো মোকোয়েনাকে মিডফিল্ডার হিসেবে মাঠে নামায় দলটি, যিনি আগের দুটি ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী সেই ম্যাচে নিষিদ্ধ ছিলেন।
ফিফা সোমবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি দক্ষিণ আফ্রিকাকে দোষী সাব্যস্ত করেছে। দলটির ৩ পয়েন্ট কেটে নেয়ার পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। আর ওই ম্যাচে লেসোথোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ২০২৬ বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত। তাদের টপকে গ্রুপের শীর্ষে উঠেছে বেনিন। দুই দলের পয়েন্ট সমান ১৪ হলেও গোল পার্থক্যে বেনিন এগিয়ে আছে। গ্রুপ ফেবারিট নাইজেরিয়া ৩ পয়েন্টে পিছিয়ে তিনে আছে, রুয়ান্ডার সমান ১১ পয়েন্ট তাদের। বাকি আছে আর দুই রাউন্ড।
নিজেদের ভুলের কথা জানতে পেরে খুবই বিব্রত হয় দক্ষিণ আফ্রিকা। তবে দেশটি দাবি করে, যেহেতু প্রতিপক্ষ আপত্তি জানায়নি, তাদের পয়েন্ট কাটা যাবে না।
স্বদেশ প্রতিদিন/এমএম