বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করতে পারে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন লোগোতে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা থাকছে ঠিকই, তবে নকশায় জাতীয় পতাকার আদল আনা হতে পারে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে আমির ডা. শফিকুর রহমানের বৈঠকে নতুন লোগো দেখা গেলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম জানান, বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। কোনটি চূড়ান্ত হবে তা এখনও নির্ধারিত হয়নি। আজকের ছবিতে যে লোগোটি এসেছে, সেটি ভুলবশত প্রকাশিত হয়েছে, বলেন তিনি।
তিনি আরও জানান, আগের লোগো অফিসিয়ালি ব্যবহৃত হয়নি; মূলত গণমাধ্যমেই তা প্রচলিত ছিল। নির্বাহী পরিষদের আলোচনার পর চূড়ান্ত লোগো অফিসিয়ালি প্রকাশ করা হবে।
এদিকে, লোগো পরিবর্তনের কারণ জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করা হতো।