প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম

সংগৃহীত ছবি
ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে অবস্থানকালে ১৭ সেপ্টেম্বর হামলার ঘটনাটি ঘটে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।
হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ক্রুরা। পরে হুতি নৌযান জাহাজটি থামিয়ে ক্রুদের আটক করে। এ সময় জাহাজে ছিলেন ২৪ পাকিস্তানি, দুই শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি ছিলেন।
মন্ত্রী নকভি জানান, বর্তমানে ট্যাঙ্কার ও এর নাবিকরা হুতিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে নিরাপদে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থা, ওমান ও সৌদি আরবে নিযুক্ত কূটনীতিকরা দিন-রাত কাজ করেছেন।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার খবর পাওয়ার পরই ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্রুদের সুস্থতা নিশ্চিত করা হয় এবং পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। বর্তমানে ট্যাঙ্কার আবার যাত্রা শুরু করেছে এবং সব ক্রু নিরাপদে আছেন।
সূত্র: ডন
স্বদেশ প্রতিদিন/শাহো