প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫০ AM

সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া এ বক্তব্যে তিনি সিরিয়ায় ইসরাইলের অব্যাহত বিমান হামলার তীব্র নিন্দা জানান এবং পশ্চিমা দেশগুলোর প্রতি সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
ফিলিস্তিন ইস্যুতে আল-শারা দ্রুত সংঘাত বন্ধ করে দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানান। তার অভিযোগ, সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে ইসরাইল নতুন সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে।
৫৮ বছর পর কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দিলেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে নুরেদ্দিন আল-আতাসি সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
তার বক্তব্যে আল-শারা সিরিয়ার গৃহযুদ্ধ, পুনর্গঠন পরিকল্পনা ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সম্পর্ক স্থাপনের পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, “সিরিয়া যে যন্ত্রণা ভোগ করেছে, তা যেন আর কোনো জাতি ভোগ না করে। গাজার মানুষের পাশে আমরা আছি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।”
সিরিয়া-ইসরাইল বিরোধ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৭৪ সালের শান্তি ও সীমান্ত চুক্তি মানতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরাইল ওই চুক্তিকে উপেক্ষা করে নতুন সংঘাতের পথ তৈরি করছে বলে সতর্ক করেন।
নিজ দেশের পুনর্গঠন ও সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরে আল-শারা বলেন, “আমরা নতুন আইন, প্রতিষ্ঠান এবং প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করছি। এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সিরিয়ার জনগণের ওপর থেকে অবরোধের শৃঙ্খল তুলে নেওয়া।”