প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩০ AM

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে জয় থেকে একেবারে শেষ মুহূর্তে ছিটকে গেল ম্যানচেস্টার সিটি। জমজমাট লড়াইয়ে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকেই।
রোববার (২১ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই শীর্ষ দল। শুরুতেই এগিয়ে যায় সিটি। ম্যাচের ৯ মিনিটে টিয়ানি রেইন্ডার্সের পাস থেকে গোল করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধে সেই লিড নিয়েই বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর্সেনাল। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে সিটির রক্ষণভাগকে। অবশেষে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি’র নিখুঁত ফিনিশে সমতায় ফেরে আর্সেনাল।
স্ট্যাটিসটিকসে দেখা যায়, বলের দখলে আর্সেনাল ছিল বেশ সক্রিয়। প্রায় ৬৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে ১২টি শট নেয় তারা, যার তিনটি ছিল লক্ষ্যে। সিটির শট সংখ্যা ছিল মাত্র পাঁচটি, তবে তার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।
এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। শিরোপার অন্যতম দাবিদার হলেও মৌসুমের শুরুটা প্রত্যাশামতো হয়নি পেপ গার্দিওলার দলের।
অন্যদিকে, ৫ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর শীর্ষে আছে ৫ ম্যাচে সবকটিতে জয় পাওয়া লিভারপুল, তাদের পয়েন্ট ১৫। সমান পয়েন্ট রয়েছে টটেনহ্যাম ও বোর্নমাউথেরও।
স্বদেশ প্রতিদিন/এমএম