প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ পিএম

হোয়াটসঅ্যাপ, বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, এবার আনছে ব্যবহারকারীদের জন্য একটি কার্যকর নতুন সুবিধা—‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’। এটি মূলত ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পাওয়া এবং সময়মতো সেটি দেখার সমস্যা সমাধান করবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে একাধিক চ্যাট এবং গ্রুপ মেসেজের ভিড়ে অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যায়। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো চ্যাটের নির্দিষ্ট মেসেজের জন্য পরে দেখার সুবিধা অনুযায়ী রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ডার সেট করলে ওই মেসেজে একটি বেল আইকন প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীকে দেখাবে যে এই মেসেজটি পরে দেখা উচিত।
রিমাইন্ডার সেট করার সময় নির্ধারিত সময়ে স্ক্রিনে নোটিফিকেশনের মতো করে সেই মেসেজ প্রদর্শিত হবে। একবার রিমাইন্ডার কার্যকর হলে বেল আইকন স্বয়ংক্রিয়ভাবে মেসেজ থেকে সরিয়ে দেওয়া হবে। এর ফলে গুরুত্বপূর্ণ মেসেজ চিহ্নিত এবং ট্র্যাক করার কাজ আরও সহজ ও কার্যকর হবে।
বর্তমানে এই ফিচারের সুবিধা সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে প্রদান করা হচ্ছে। তবে ওয়েবিটাইনফো সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে আরও বেশি ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন। আপাতত এটি আইওএস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হলেও, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে একই ফিচারের পরীক্ষাও চলছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহারকারীদের দৈনন্দিন চ্যাট অভিজ্ঞতা আরও সহজ ও সুসংগঠিত করবে। বিশেষত যারা বিভিন্ন গ্রুপ এবং ব্যক্তিগত চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে ফেলার সমস্যায় ভোগছেন, তাদের জন্য এটি দারুণ কার্যকরী হতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ