প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচে খেলাধুলার বাইরের উত্তাপ যেন মাঠেও ছড়িয়ে পড়ছে। এশিয়া কাপের সুপার ফোরে রবিবার টসের সময়ও দেখা গেল সেই একই দৃশ্য—ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলালেন না।
এর আগে ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার সময়ও টসের পর দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়নি। তখন থেকেই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। পাকিস্তান দাবি করেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি তাদের অধিনায়ককে হ্যান্ডশেক না করার পরামর্শ দিয়েছিলেন। এই অভিযোগকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাইক্রফটকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ারও দাবি তোলে।
কিন্তু বিতর্কের মাঝেই সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে আবারও টস পরিচালনা করলেন সেই অ্যান্ডি পাইক্রফট। টস জেতার পর ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এ সময় সূর্যকুমার হাত মেলান শুধু পাইক্রফটের সঙ্গে। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা হাত মেলাননি ভারতের অধিনায়ক তো বটেই, এমনকি রেফারির সঙ্গেও।
এশিয়ার সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হিসেবে পরিচিত ভারত-পাকিস্তান লড়াইয়ের মাঠের খেলায় উত্তেজনা থাকেই। তবে এবার খেলোয়াড়দের হ্যান্ডশেক না করার বিষয়টি কেবল ক্রিকেটভক্তদের মধ্যে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে কূটনৈতিক টানাপোড়েনের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কেবল খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত।
তবে যেভাবেই দেখা হোক না কেন, খেলোয়াড়দের এই আচরণ আবারও মাঠের বাইরের সম্পর্ককে সামনে নিয়ে এসেছে। ম্যাচের ফলাফলের মতোই এখন আলোচনায় উঠে এসেছে দুই অধিনায়কের করমর্দন এড়িয়ে যাওয়া।
স্বদেশ প্রতিদিন/ আরএফ