প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৩ AM

রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকার ৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় আহত হয়েছেন মনির হোসেন মাতুব্বর (২৭) নামে এক স্যানিটারি মিস্ত্রি। পথচারীরা তাঁকে ও নিহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে মনিরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মনিরের ভগ্নিপতি কামাল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষে মনির বাইসাইকেলে তাঁর সহকর্মীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মস্তুল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দিলে দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে। এখনো তাঁর পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার সহকারী উপপরিদর্শক সাইদুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ