প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম

সংগৃহীত ছবি
আইফোন ১৭ সিরিজের উদ্বোধনের পরই প্রযুক্তিপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে আইফোন ১৮। চীনা সোশ্যাল মিডিয়া উইবোর জনপ্রিয় টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটালের তথ্য অনুযায়ী, আগামী বছর বাজারে আসা iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড আরও ছোট হতে পারে। তবে বহুল প্রত্যাশিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি এবারও থাকছে না।
ডাইনামিক আইল্যান্ড কয়েক প্রজন্ম ধরেই আইফোনের অন্যতম বৈশিষ্ট্য। ধারণা করা হয়েছিল, আইফোন ১৭ প্রোতেই এটি ছোট হবে, কিন্তু পরিবর্তনটি হয়নি। এখন আশা করা হচ্ছে আইফোন ১৮-তেই আনা হবে এ পরিবর্তন, যা অনেকেই দেখছেন ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে।
আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন নতুন নয়। আইফোন ১৬ প্রো ও আইফোন ১৭ প্রোর আগেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, প্রযুক্তিটি এখনো বাজারে দেওয়ার মতো পরিপক্ব হয়নি। ফলে সম্ভবত আইফোন ১৯ প্রো বা তার পরের কোনো সংস্করণে এটি দেখা যেতে পারে।
অর্থাৎ, আইফোন ১৮ সিরিজেও দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরে অবস্থান করবে।
উল্লেখ্য, উইবোতে ইনস্ট্যান্ট ডিজিটালের প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে। তাদের দেওয়া কিছু পূর্বাভাস সঠিক হলেও সবগুলো মেলে না। বিশেষ করে আইফোন ১৭ সিরিজ নিয়ে তাদের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।